মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভারে গত পাঁচ মাস ধরে শমশেরনগর টি গার্ডেন মৌজা দেখা যাচ্ছে না। এতে ওই মৌজার জমির খারিজ, খাজনা প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন ভূমি মালিক ও সেবা গ্রহীতারা। সমস্যাটি ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন হওয়ায় স্থানীয়ভাবে এর সমাধানের সুযোগ নেই বলে জানিয়েছে উপজেলা ভূমি অফিস।
শমশেরনগর ইউনিয়নের টি গার্ডেন মৌজার ভূমি মালিক ও ভূমি বিক্রেতারা জানান, গত এপ্রিল থেকে কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভারে মৌজাটি আর প্রদর্শিত হচ্ছে না। ফলে ওই সময় থেকে এ মৌজায় জমি ক্রয়-বিক্রয়, খাজনা প্রদান ও খারিজের কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মুহুরী ও সার্ভেয়ার খালেদ আহমেদ বলেন, গত এপ্রিল থেকে ভূমি সার্ভারে শমশেরনগর টি গার্ডেন মৌজা দেখা যাচ্ছে না। সার্ভারে মৌজা না থাকায় খাজনা দেওয়া সম্ভব হচ্ছে না। একই কারণে তহশিলদারও খারিজ প্রতিবেদন করতে পারছেন না। ফলে গত পাঁচ মাস ধরে এ মৌজার খারিজ শুনানি বন্ধ রয়েছে। অন্যান্য মুহুরী ও সার্ভেয়াররাও একই তথ্য জানিয়েছেন।
ভুক্তভোগীদের একজন মৌলভীবাজার জজ আদালতের আইনজীবী ও শমশেরনগর টি গার্ডেন মৌজার ভূমি মালিক মো. হাবিবুর রহমান। তিনি বলেন, প্রায় ৪ মাস আগে এ মৌজায় কিছু জমি বিক্রি করেছেন। কিন্তু সার্ভারে মৌজাটি না থাকায় জমির ক্রেতার নামে খারিজ করে দিতে পারছেন না। কবে সমস্যার সমাধান হবে, তা জানতে তিনি নিয়মিত কমলগঞ্জ উপজেলা ভূমি অফিসে খোঁজ রাখছেন।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজ মাহমুদ ভোগান্তির বিষয়টি স্বীকার করে বলেন, সমস্যাটি সরাসরি ভূমি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। স্থানীয়ভাবে এ বিষয়ে কিছু করার সুযোগ নেই। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে সমস্যার বিষয়টি জেলার মাধ্যমে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ২ সপ্তাহ আগে মন্ত্রণালয় থেকে এ সমস্যা সম্পর্কে একটি তথ্য নেওয়া হয়েছে। দ্রুত সমস্যাটির সমাধান হবে বলে তিনি আশাবাদী।
আজকের সিলেট/ জেকেএস
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








