সিলেটের জৈন্তাপুরে ২০৭ বোতল মাদক জব্দ, আটক হয়নি কেউ
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ PM

সিলেটের জৈন্তাপুরে ২০৭ বোতল মাদক জব্দ, আটক হয়নি কেউ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৩/০৯/২০২৬ ০৬:৩০:১০ PM

সিলেটের জৈন্তাপুরে ২০৭ বোতল মাদক জব্দ, আটক হয়নি কেউ


সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০৭ বোতল ভারতীয় মদ ও ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাতে পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্যের মালিক বা বহনকারী কাউকে আটক করা যায়নি।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে জৈন্তাপুর বিওপির বিশেষ আভিযানিক টহলদল সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ত্রিপরাখোলা এলাকায় অভিযান চালায়। সেখানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ১০০ বোতল ভারতীয় মদ। জব্দ করা এসব মদের সিজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

এর প্রায় আধা ঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে একই ব্যাটালিয়নের লালাখাল বিওপির টহলদল সীমান্তের প্রায় ৩০০ গজ ভেতরে জংলিবিল এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়। এসব ফেন্সিডিলের সিজারমূল্য ৪২ হাজার ৮০০ টাকা।

দুটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজারমূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৮০০ টাকা।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার। তিনি বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর