বিদেশে পাঠানোর প্রলোভনে আটকে রাখা নারী-শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ১
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ PM

বিদেশে পাঠানোর প্রলোভনে আটকে রাখা নারী-শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৩:২৯:৩৮ PM

বিদেশে পাঠানোর প্রলোভনে আটকে রাখা নারী-শিশুসহ ৮ জন উদ্ধার, গ্রেপ্তার ১


বিদেশে ভালো চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে সিলেটের একটি বাড়িতে আটকে রাখা নারী, শিশুসহ আটজনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে গেছেন চক্রের মূল অভিযুক্ত গৃহকর্তা রুবেল মিয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (রহ.) থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী এবং তিনটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শাহপরান থানার মীরেরচক এলাকায় রুবেল মিয়া নামে এক ব্যক্তির বসতবাড়িতে অভিযান চালানো হয়। সেখানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ভুক্তভোগীদের উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া কৌশলে পালিয়ে যান। তবে তাঁর স্ত্রী রেনু বেগমকে (২৮) গ্রেপ্তার করা সম্ভব হয়।

প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বলছে, রুবেল ও রেনু দম্পতি পাচার চক্রটির সক্রিয় সদস্য। তাঁদের সহযোগীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজনকে বিদেশে চাকরি এবং উন্নত জীবনযাপনের সুযোগ দেওয়ার কথা বলে সংগ্রহ করা হতো।

পরে এসব ব্যক্তিকে রুবেল মিয়ার বাড়িতে নিয়ে আটকে রাখা হতো। সুযোগ বুঝে তাঁদের অবৈধ পথে বিদেশে পাচারের ব্যবস্থা করা হতো। উদ্ধার হওয়া আটজনকেও একই কৌশলে ওই বাড়িতে জিম্মি করে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় ‘মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার রেনু বেগমকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মো. মনজুরুল আলম আরও বলেন, চক্রটির মূল হোতা রুবেল মিয়াসহ পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর