মুন্নির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বড়লেখায় মানববন্ধন
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ PM

মুন্নির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বড়লেখায় মানববন্ধন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৪:৩৩:১৮ PM

মুন্নির মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বড়লেখায় মানববন্ধন


মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং মামলা গ্রহণের দাবি জানানো হয়েছে।

শুক্রবার বিকেলে বড়লেখা শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মুন্নির মৃত্যুর ঘটনা নিয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। ঘটনার পেছনে প্রকৃত কারণ কী, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করতে হবে। কেউ জড়িত থাকলে দ্রুত তাঁদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক ও সমাজসেবক আব্দুল গনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজসেবক আব্দুল কাদির পলাশ ও সাবেক ছাত্রনেতা মুস্তাফিজুর রহমান রাজন।

এ সময় বক্তব্য দেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট নুরুল ওয়াহিদ, রাজনীতিবিদ ও অনলাইন অ্যাক্টিভিস্ট আহমদ রিয়াজ, বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের সদস্য ফখরুল ইসলাম, বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, সমাজসেবক খালেদ আহমদ, রবিউল ইসলাম সুহেল, শাহিন আহমদ, সুরমান আহমদ ও শিপার আহমদ, সাংবাদিক হাসান শামীম, ফয়ছল আহমদ সাগর, ছাত্রনেতা তানিম আহমদ, আরিফুল ইসলাম প্রমুখ। মুন্নির পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন তাঁর বাবা মকবুল আলী, মা রেনু বেগম ও ভাই মাছুম আহমদ।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২১ আগস্ট শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মুন্নির বিরোধ দেখা দেয়। একপর্যায়ে তাঁকে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। ওই সময় ভিডিও ও খুদে বার্তার মাধ্যমে বাবা-মাকে বিষয়টি জানান মুন্নি।

মেয়ের কাছ থেকে খবর পাওয়ার পর তাঁর বাবা স্থানীয় কয়েকজন মুরব্বির সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সমাধানের অনুরোধ করেন। পরে একজন মুরব্বি ফোন করে তাঁকে জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে।

পরিবারের দাবি, এর কিছুক্ষণ পর স্থানীয় জনপ্রতিনিধির পরিচয় দিয়ে এক ব্যক্তি মুন্নির বাবাকে শ্বশুরবাড়িতে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি বাথরুমের কাঠের বিমের সঙ্গে মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

মুন্নির পরিবারের অভিযোগ, নির্যাতনের পর তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। এ কারণে তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি মামলা গ্রহণ, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মুন্নির মৃত্যুর মধ্য দিয়ে একটি পরিবার যেমন একজন সদস্যকে হারিয়েছে, তেমনি ঘটনাটির প্রকৃত কারণ নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছে। এসব প্রশ্নের নিরসনে কোনো পক্ষের প্রভাব বা চাপের কাছে নতি স্বীকার না করে আইন অনুযায়ী তদন্ত সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর