মধ্যনগরের নতুন ইউএনও শিল্পী রাণী মোদক
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ PM

মধ্যনগরের নতুন ইউএনও শিল্পী রাণী মোদক

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৯/২০২৬ ০৬:০০:২৮ PM

মধ্যনগরের নতুন ইউএনও শিল্পী রাণী মোদক


সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রশাসনে এবার স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন শিল্পী রাণী মোদক। এর আগে তিনি জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে মধ্যনগরে বদলি ও পদায়নের কথা জানানো হয়।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্র জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সিলেট বিভাগের বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শিল্পী রাণী মোদককে মধ্যনগর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

মধ্যনগর উপজেলা প্রতিষ্ঠার পর থেকেই স্থায়ী ইউএনও না থাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের মাধ্যমে প্রশাসনিক কাজ পরিচালিত হয়ে আসছিল। এতে উন্নয়ন প্রকল্পের তদারকি, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা দেওয়ার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হয়।

২০২২ সালের ২৪ জুলাই মধ্যনগর উপজেলার প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাহিদ হাসান খান দায়িত্ব নেন। মাত্র দুইজন কর্মচারী নিয়ে তিনি উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করেছিলেন। প্রায় ১০ মাস দায়িত্ব পালনের পর তার বদলি হয়। এরপর বিভিন্ন সময়ে একাধিক কর্মকর্তা দায়িত্ব পালন করলেও কেউ দীর্ঘ সময় স্থায়ীভাবে ইউএনও হিসেবে দায়িত্বে থাকেননি।

সাম্প্রতিক সময়ে ধর্মপাশা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় ঘোষ কিছুদিন মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করেন। পরে ধর্মপাশা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনওর দায়িত্ব পালন করে আসছেন।

একই কর্মকর্তাকে দুই উপজেলার প্রশাসনিক দায়িত্ব সামলাতে হওয়ায় মধ্যনগরের কার্যক্রমে বাড়তি চাপ তৈরি হচ্ছিল। এর প্রভাব পড়ছিল সাধারণ মানুষের দাপ্তরিক সেবা পাওয়ার ক্ষেত্রেও। গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত, উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে স্থায়ী ইউএনও না থাকাকে স্থানীয়ভাবে বড় সীমাবদ্ধতা হিসেবে দেখা হচ্ছিল।

শিল্পী রাণী মোদকের পদায়নের ফলে সেই পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা করছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ডে গতি আসবে, সরকারি সেবার মান বাড়বে এবং সাধারণ মানুষের দাপ্তরিক সেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর