সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসির মিয়াও রয়েছেন।
বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের পানশী রেস্টুরেন্ট থেকে আসির মিয়াকে গ্রেপ্তার করে সদর থানা ও ডিবি পুলিশের যৌথ দল। পরে শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামে অভিযান চালিয়ে মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, দামোধরতপী গ্রামের মৃত শফিক মিয়ার স্ত্রী আনোয়ারা বেগম, মেয়ে শাবানা বেগম, মৃত আব্দুল হাসিমের ছেলে রহমত আলী, মেয়ে আমিনা বেগম, বাচ্চু মিয়ার স্ত্রী চম্পা বেগম এবং আসির মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ আগস্ট শান্তিগঞ্জ থানায় দায়ের করা একটি জিআর মামলায় তাদের আসামি করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় শুক্রবার অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়।
এর আগে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যান আসির মিয়া। পরে তাকে গ্রেপ্তারে সুনামগঞ্জ সদর থানা ও ডিবি পুলিশের যৌথ দল অভিযান চালায়। বৃহস্পতিবার রাতে পানশী রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে ছয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অলি উল্লাহ বলেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি 








