ফেসবুকের মন্তব্যের জেরে ছাত্রদল নেতাকে বাসায় গিয়ে মারধরের অভিযোগ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ PM

ফেসবুকের মন্তব্যের জেরে ছাত্রদল নেতাকে বাসায় গিয়ে মারধরের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৪:৫৪:০৪ PM

ফেসবুকের মন্তব্যের জেরে ছাত্রদল নেতাকে বাসায় গিয়ে মারধরের অভিযোগ


বিশ্বনাথে ফেসবুক পোস্টের কমেন্টকে কেন্দ্র করে আবদুল মজিদ বকুল নামে এক ছাত্রদল নেতাকে তাঁর বাসায় গিয়ে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের টিএনটি রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁকে প্রথমে বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ছাত্রলীগ নেতা শামীম আহমদ তাঁর ফেসবুক আইডিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে বিরূপ পোস্ট দেন। ওই পোস্টগুলোর কমেন্টে আবদুল মজিদ বকুল পাল্টা জবাব দেন। এর পরিপ্রেক্ষিতেই বুধবার সন্ধ্যায় বকুলের বাসায় গিয়ে তাঁর ওপর হামলা করা হয় বলে অভিযোগ।

অভিযুক্ত শামীম আহমদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।

বিশ্বনাথ পৌর ছাত্রদলের আহ্বায়ক ফখরুল ইসলাম রেজা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীমের ফেসবুক পোস্টে কমেন্ট করার কারণে বকুলের বাসায় গিয়ে তাঁকে মারধর করা হয়েছে। পরে খবর পেয়ে আশপাশের নেতাকর্মীরা বকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে বিশ্বনাথ পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা ও পৌর ছাত্রদল। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী অংশ নেন।

পথসভা থেকে ছাত্রদল নেতারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শামীম আহমদকে গ্রেপ্তারের দাবি জানান। এ সময় তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এ ঘটনায় থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর