মৌলভীবাজারে ১৮ বোতল বিদেশি মদসহ আটক ৪
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ PM

মৌলভীবাজারে ১৮ বোতল বিদেশি মদসহ আটক ৪

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৯/২০২৬ ০৫:৪৮:৪২ PM

মৌলভীবাজারে ১৮ বোতল বিদেশি মদসহ আটক ৪


মৌলভীবাজারে পৃথক অভিযান চালিয়ে ১৮ বোতল বিদেশি মদসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল থানা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, প্রসনজিৎ কুন্ড কর্মকার (২৭), রাহুল বিশ্বাস (২৮), নির্মল পাল (২৮) ও রায়হান আহমদ (২৪)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহলাদ ইবনে জামিলের নেতৃত্বে একটি দল মৌলভীবাজার সরকারি কলেজ গেইটের বিপরীতে মিশন রোডের আজাদাবাদ জামে মসজিদের সামনে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে অফিসার-ফোর্সের সহায়তায় তাদের আটক করা হয়। পরে তারা নিজেদের প্রসনজিৎ কুন্ড কর্মকার ও রাহুল বিশ্বাস বলে পরিচয় দেন।

তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে প্রথমে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে প্রসনজিৎ কুন্ড কর্মকারের হাতে থাকা সাদা রঙের প্লাস্টিকের বাজার ব্যাগে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ROYAL GREEN DELUXE BLENDED WHISKY-এর ১ বোতল এবং ICONIC WHITE FINEST INTERNATIONAL GRAIN WHISKY-এর ৪ বোতল পাওয়া যায়। রাহুল বিশ্বাসের ব্যাগ থেকেও একইভাবে আরও ৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রসনজিৎ ও রাহুল পুলিশকে জানান, তারা নির্মল পাল ও রায়হান আহমদের কাছ থেকে এসব বিদেশি মদ কিনে এনেছেন। এই তথ্যের ভিত্তিতে পরে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালায় ডিবির দল।

দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রীমঙ্গল পৌরসভা গেইটের সামনে অভিযান চালিয়ে নির্মল পাল ও রায়হান আহমদকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে থাকা প্লাস্টিকের বাজার ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো আরও ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। দুটি অভিযানে সব মিলিয়ে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ডিবি।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ভারতীয় সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে পরস্পরের সহযোগিতায় বিক্রি করে আসছিলেন।

তিনি জানান, অবৈধ মাদকদ্রব্য বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর