রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ PM

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০৯:৫২:১২ AM

রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত সিলেট


রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার। বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সিলেট নগরীতে চলছে ব্যাপক প্রস্তুতি। গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনায় সৌন্দর্যবর্ধনের পাশাপাশি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সব মিলিয়ে রাষ্ট্রপতিকে বরণ করে নিতে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা নিয়ে বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানে গার্ড অব অনার গ্রহণ করবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এবং দুপুর ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি।

এরপর বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। অনুষ্ঠান শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। তিনি জানান, সফরের দিন সিলেট মহানগর পুলিশের এক হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। এর সঙ্গে অতিরিক্ত ২০০ সদস্যও দায়িত্বে থাকবেন।

এ ছাড়া পুলিশের বিশেষ ইউনিটগুলোও নিরাপত্তার কাজে যুক্ত থাকবে। সিলেট মহানগর পুলিশের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা রাষ্ট্রপতির নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

বিভিন্ন অনুষ্ঠানের ভেন্যুতে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্যদেরও মোতায়েন করা হবে। একই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে এরই মধ্যে সিলেট নগরের বিভিন্ন এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কের ডিভাইডার, কিন ব্রিজ ও সার্কিট হাউজসহ বিভিন্ন স্থাপনায় রং করা হয়েছে।

সিটি করপোরেশন ও হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। কয়েকদিন ধরেই এসব প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে।

সিলেট ওয়াসার চেয়ারম্যান ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সিলেটের মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক ও আত্মিক সম্পর্ক রয়েছে। বিএনপির মহাসচিব হিসেবে তিনি বহুবার সিলেটে এসে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন এবং বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন।

মিফতাহ সিদ্দিকী বলেন, ‘এবার তিনি রাষ্ট্রপতি হিসেবে সিলেটে আসছেন এটি নিঃসন্দেহে আমাদের জন্য গর্ব ও আনন্দের বিষয়।’

রাষ্ট্রপতির এই সফর সিলেটবাসীর কাছে বিশেষ গুরুত্ব বহন করছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফরের মধ্য দিয়ে সিলেটের মানুষের প্রত্যাশা ও দাবিগুলো রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে পৌঁছাবে বলে তারা আশা করছেন।

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট একটি পর্যটননগরী। রাষ্ট্রপতি যাতে নগরের সৌন্দর্য উপভোগ করতে পারেন এবং তার সফর ঘিরে প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বরণ করতে প্রস্তুত। তার সফর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নাগরিক সংবর্ধনার মধ্য দিয়ে আমরা রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে চাই।’

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর