সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৭ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের আওতাধীন সীমান্তবর্তী এলাকাগুলোতে এসব অভিযান পরিচালনা করা হয়।
৪৮ বিজিবি জানায়, বাংলাবাজার, বিছনাকান্দি, সোনারহাট, প্রতাপপুর, সংগ্রাম ও কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে ভারতীয় জিরা, গরু, কম্বল, কসমেটিকস, চকলেট, গাড়ির যন্ত্রাংশ ও মদসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ থেকে পাচারের সময় রসুন, শিং মাছ ও একটি ইঞ্জিনচালিত নৌকাও আটক করেছে বিজিবি। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ২৭ লাখ ৭২ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে চালু রয়েছে। এর অংশ হিসেবে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি মালামাল আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








