প্রথমবার সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পথে পথে নেতাকর্মীদের অভ্যর্থনা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ PM

প্রথমবার সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পথে পথে নেতাকর্মীদের অভ্যর্থনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১২:১৭:০০ PM

প্রথমবার সিলেটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পথে পথে নেতাকর্মীদের অভ্যর্থনা


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এসেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে মোটর শোভাযাত্রা নিয়ে তিনি সিলেট সার্কিট হাউসে পৌঁছান। সেখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।

এর আগে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এ সময় সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে পুলিশি নিরাপত্তায় মোটর শোভাযাত্রা নিয়ে সার্কিট হাউসের উদ্দেশে রওনা হন রাষ্ট্রপতি। তাঁর যাত্রাপথের নির্ধারিত বিভিন্ন পয়েন্টে সিলেট মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। তাঁরা হাত নেড়ে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুরে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতে যাবেন তিনি। পরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করার কথা রয়েছে।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে বিমানবন্দর সড়ক, সার্কিট হাউসসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। মাজার জিয়ারত শেষে বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর