শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ PM

শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:১০:৫২ PM

শাহজালালের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল


রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দরগাহ এলাকায় পৌঁছে ওলির মাজার জিয়ারত করেন।

মাজারে পৌঁছে ফাতেহা পাঠের পর মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি। এ সময় দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাজার জিয়ারতের সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে দরগাহ এলাকা ও আশপাশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা বলয় গড়ে তোলেন এবং সাধারণ দর্শনার্থীদের চলাচল সীমিত রাখা হয়।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে এসে দুপুর ১২টার দিকে সার্কিট হাউসে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা হবেন। পরে বিকেলে সিলেট নগর ভবনে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর