রাষ্ট্রপতির মাজার জিয়ারত ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ PM

রাষ্ট্রপতির মাজার জিয়ারত ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ০১:০১:৫৪ PM

রাষ্ট্রপতির মাজার জিয়ারত ঘিরে সিলেটে কঠোর নিরাপত্তা


রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। বিশেষ করে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত ঘিরে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা ২৭ মিনিটে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। সেখানে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা।

রাষ্ট্রপতির সফর ঘিরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউস এবং সেখান থেকে দুই মাজারের পথে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। নগরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। রাষ্ট্রপতির গাড়িবহর চলাচলের সময় সংশ্লিষ্ট সড়কগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়।

সিলেট সার্কিট হাউসে পৌঁছানোর পর রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে দুপুর ১২টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে জিয়ারত শেষে তাঁর হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যাওয়ার কথা রয়েছে।

দুই মাজার এলাকায়ও নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। প্রবেশপথ, আশপাশের সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। নিরাপত্তার কারণে মাজার এলাকায় মানুষের চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ রাখা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরের যান চলাচল ব্যবস্থাপনাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির গাড়িবহর চলাচলের সময় প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, দুই মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি সার্কিট হাউসে ফিরবেন। সেখানে কিছু সময় বিশ্রামের পর বিকেলে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। পরে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর