পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪, উদ্ধার ইয়াবা ও ভারতীয় পণ্য
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ PM

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪, উদ্ধার ইয়াবা ও ভারতীয় পণ্য

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ১৫/০৯/২০২৬ ১১:৫৮:৪৭ AM

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৪, উদ্ধার ইয়াবা ও ভারতীয় পণ্য


সিলেট মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। ২৪ ঘণ্টার এই অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে উদ্ধার করা হয়েছে ২০৫ পিস ইয়াবা, ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি এবং ৪৫০ পিস স্কিন শাইন ক্রিম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট সফরকে কেন্দ্র করে নগরীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবেও এ অভিযান পরিচালনা করা হয়েছে।

এসএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানে পুলিশ ২০৫ পিস ইয়াবা ছাড়াও ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় আইপিএস, VOLVO ব্যাটারি ও বিভিন্ন কোম্পানির পুরাতন ব্যাটারি এবং ৪৫০ পিস ভারতীয় স্কিন শাইন ক্রিম উদ্ধার করেছে।

নগরীর সড়কে যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে এসএমপির ট্রাফিক বিভাগও পৃথক অভিযান পরিচালনা করেছে। এতে মোট ১২৬টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৬৭টি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ সিলেট গড়ে তুলতে পুলিশের অভিযান চলমান থাকবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর