সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরমাপারে পৌঁছে সার্কিট হাউসে অবস্থান করছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাঁর গাড়িবহর সার্কিট হাউসে পৌঁছায়।
এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্যবৃন্দ, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিমানবন্দর থেকে সার্কিট হাউসের পথে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নগরের বিভিন্ন এলাকায় জড়ো হন সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ। বিমানবন্দর রোডের বিভিন্ন পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কিনব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাঁরা হাত নেড়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। রাষ্ট্রপতিও হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।
সার্কিট হাউসে অবস্থান শেষে রাষ্ট্রপতি হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করবেন।
পরে বিকাল তিনটার দিকে নগরভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
আজকের সিলেট/ জেকেএস









