তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে খেলোয়াড়দের মধ্যে নতুন জার্সি বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে ইসলামপুর ফুটবল মাঠে ইসলামপুর মাথিউরা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১১নং মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান কাওছারের অর্থায়ন ও উদ্যোগে খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে নতুন জার্সির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের দায়িত্বশীলরা। এ সময় বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. ময়নুল হক, সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, কেপ্টেন ময়নুল ইসলাম ও সহকারী কেপ্টেন গোলজার আহমেদ।
নতুন জার্সি পেয়ে স্থানীয় খেলোয়াড়দের মধ্যে উৎসাহ দেখা যায়। তারা মোস্তাফিজুর রহমান কাওছারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে খেলাধুলায় আরও ভালো নৈপুণ্য প্রদর্শনের প্রত্যয় জানান।
খেলোয়াড়রা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের খেলাধুলার সঙ্গে যুক্ত করার পাশাপাশি তাদের মধ্যে উদ্দীপনা তৈরি করবে এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।
আজকের সিলেট/ জেকেএস
গোয়াইনঘাট প্রতিনিধি 








