শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি কাঠসহ ট্রাক আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ PM

শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি কাঠসহ ট্রাক আটক

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৯/২০২৬ ০৮:৩৬:৩৬ PM

শায়েস্তাগঞ্জে ৮০ ঘনফুট মেহগনি কাঠসহ ট্রাক আটক


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বৈধ কাগজপত্র ছাড়াই পরিবহন করা হচ্ছিল প্রায় ৮০ ঘনফুট মেহগনি চিড়াই কাঠ। বন বিভাগের অভিযানে কাঠবোঝাই একটি ট্রাক আটক করা হয়েছে। জব্দ করা কাঠের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর এলাকায় শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে বন বিভাগ।

বন বিভাগ জানায়, ডেপুটি ফরেস্ট রেঞ্জার মো. তোফায়েল আহমেদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে চেক স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মীদের বিষয়টি জানান। এরপর বন বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে কাঠবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করে।

ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৩-১৮৪২। কাঠগুলো ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় কাঠসহ ট্রাকটি মহাসড়ক থেকে উদ্ধার করে শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়। সেখানে কাঠ ও ট্রাক জব্দ করে বন বিভাগের হেফাজতে রাখা হয়েছে।

বন বিভাগের কর্মকর্তারা জানান, কাঠ পরিবহনের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কাঠ বাজারের মেসার্স শাহীন টিম্বার মার্টের প্রোপ্রাইটর মো. শাহীন মিয়া ট্রাকে করে মেহগনি চিড়াই কাঠ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিশা বাড়ির মো. রাকিবের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে শায়েস্তাগঞ্জ ফরেস্ট চেক স্টেশনে বিশেষ অভিযান চালিয়ে কাঠসহ ট্রাকটি আটক করা হয়।

বন বিভাগ আরও জানিয়েছে, সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আবদুর রহমানের নির্দেশে বিভাগের বিভিন্ন ফরেস্ট চেক স্টেশনে বনাঞ্চলের চোরাই গাছ, কাঠ ও বাঁশের অবৈধ পরিবহন ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে।

তোফায়েল আহমেদ চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় সংরক্ষিত বনের সম্পদ রক্ষায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বনাঞ্চলের গাছ, কাঠ ও বাঁশ উজাড়কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি জানান, জব্দ করা কাঠের ঘটনায় বন আদালতে মামলা করার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর