সিলেটের বিশ্বনাথে বসতঘর ও বাড়ির বাঁশবাগানে অভিযান চালিয়ে ২০৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল হক (৫০) ও তার স্ত্রী রুজিনা বেগম (৩৬) নামে দুজনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার মাঝপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে বিশ্বনাথ থানা পুলিশ।
আটক আব্দুল হক ওই গ্রামের মৃত আব্দুল মছব্বিরের ছেলে। তার স্ত্রী রুজিনা বেগমও একই ঠিকানার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে নওধার মাঝপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আব্দুল হক ও রুজিনা বেগমের নিজ বসতঘর এবং বাড়ির বাঁশবাগানে তল্লাশি চালানো হয়। পরে মাটির নিচ থেকে ২০৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।
আজকের সিলেট/ জেকেএস
বিশ্বনাথ প্রতিনিধি 








