সিলেটে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে দ্বিতীয়বারের মতো কুমারী পূজার আয়োজন করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে এ পূজা অনুষ্ঠিত হবে। ৫১ পীঠের অন্যতম মহাপীঠ হিসেবে পরিচিত এ মন্দিরে দুর্গাপূজাকে কেন্দ্র করে কয়েক দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি রাখা হয়েছে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর দিনে আমন্ত্রণ, অধিবাস ও মহাষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হবে।
১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমীতে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান করা হবে। দুপুরে থাকবে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ। রাতে ৮টায় আরতি এবং ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১৮ অক্টোবর রবিবার মহাসপ্তমীর কর্মসূচিতে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ এবং রাত ৮টায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় মাতৃসঙ্গীতানুষ্ঠানে পরিবেশনা করবে সিলেটের সনাতনী সাংস্কৃতিক দল ‘ঐতরেয়’ সিলেট।
১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর প্রধান আকর্ষণ কুমারী পূজা শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এদিন পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি সন্ধ্যায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় মাতৃসংগীত পরিবেশন করবে সিলেটের স্বনামধন্য সনাতনী সাংস্কৃতিক সংগঠন ‘গুরুচন্ডালী ব্যান্ড’, সিলেট।
২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণের পর রাত ৮টায় আরতি হবে। এরপর থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৯টায় নাটক ‘মহিষাসুর বধ’ মঞ্চস্থ হবে। এতে পরিবেশনায় থাকবেন নাট্যশিল্পী নান্টু দাস।
২১ অক্টোবর বুধবার পালিত হবে শুভ বিজয়া দশমী। আয়োজকদের তথ্যমতে, এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে এবং গমন হবে নৌকায়।
দুর্গাপূজার পর আগামী ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।
শারদোৎসব ও কুমারী পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।
আজকের সিলেট/ জেকেএস









