পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতা তালহা বহিষ্কার
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ PM

পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতা তালহা বহিষ্কার

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৯/২০২৬ ১০:৫৫:৪৫ AM

পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ, ছাত্রদল নেতা তালহা বহিষ্কার


সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদীতে কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে চাঁদা দাবির অভিযোগে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি তালহা আহমেদ অভি (২৫)-কে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তালহা আহমেদ অভিকে ছাত্রদলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর এলাকায় পাটলাই নদীতে তালহাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা। অভিযোগ ছিল, কয়লা ও চুনাপাথরবাহী বাল্কহেড নৌকা থেকে তিনি চাঁদা দাবি করছিলেন। তালহা সুলেমানপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, পাটলাই নদীপথে চলাচলকারী বাল্কহেড নৌকাগুলো থেকে দীর্ঘদিন ধরে তালহা চাঁদা দাবি করে আসছিলেন। শনিবার দুপুরে স্থানীয় এক বিএনপি নেতার নৌকা আটকে চাঁদা চাওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হয়। পরে বিকেলে সুলেমানপুর এলাকায় স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে যায়।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ বলেন, তালহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পাটলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে আরও বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি। স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশে দেওয়ার পর বিষয়টি জেলা ও উপজেলা নেতৃবৃন্দকে জানানো হয় বলে জানান ফয়সাল।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মো. তারেক মিয়া বলেন, ছাত্রদল একটি শৃঙ্খলাবদ্ধ সংগঠন। সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। তালহা আহমেদ অভির বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাঁর সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে তালহাকে আটকের সময় তাহিরপুর থানার পুলিশ জানিয়েছিল, চাঁদাবাজির অভিযোগে স্থানীয়রা তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর