চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ PM

চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৯/২০২৬ ০৮:২২:০০ PM

চুনারুঘাটে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২


হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের হলহলিয়া গ্রামের আজগর খাঁনের ছেলে মোহাদ্দিছ খান (২০) এবং একই ইউনিয়নের সতং গ্রামের শেখ আব্দুল কাইয়ুমের ছেলে শেখ নয়ন মিয়া (২০)। তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ জানায়, মোটরসাইকেলে করে মোহাদ্দিছ ও নয়ন উপজেলার চণ্ডী রামগঙ্গা চা বাগান এলাকায় ঘুরতে গিয়েছিলেন। বিকেলে চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ শেষে তারা বাড়ির উদ্দেশে রওনা দেন।

ফেরার পথে চান্দপুর চা বাগান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত টমটমের (ইজিবাইক) সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই মোহাদ্দিছ খান ও শেখ নয়ন মিয়ার মৃত্যু হয়।

খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও টমটমও উদ্ধার করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি সাইফুল ইসলাম জানান, খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর