হবিগঞ্জের লাখাই উপজেলায় গণপিটুনিতে হিরাজ মিয়া (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাত হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।
মঙ্গলবার গভীর রাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।
লাখাই থানার ওসি মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত অনুমান ১২টার দিকে ওই স্থানে কয়েকজন ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিল। এ সময় গ্রামবাসী ডাকাত দলকে ধাওয়া দেয়। জনতার ধাওয়া খেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও হিরাজ মিয়া জনতার হাতে আটক হয়। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহত হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। তার মরদেহ হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আছে।
আজকের সিলেট/ডি/এসটি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি 








