নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ব্রিসবেনে অনুষ্ঠেয় এই সিরিজে দলকে নেতৃত্ব দেবেন তালিয়া ম্যাকগ্রা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজের আগেই মলিনেক্স ও হ্যামিল্টনকে ফিট হিসেবে পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া।
আগামী ৯ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিকরা।
পিঠের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি—দুই সিরিজ থেকেই ছিটকে গেছেন ডারসি ব্রাউন। অন্যদিকে, সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা গ্রেস হ্যারিসও দলে জায়গা পাননি। দুই সিরিজেই প্রায় একই স্কোয়াড নিয়ে মাঠে নামার পরিকল্পনা অস্ট্রেলিয়ার।
অনুশীলনের সময় ঊরুর পেশিতে সামান্য চোট পেয়েছেন বাঁহাতি বোলার লুসি হ্যামিল্টন। তবে নারী জাতীয় দলের নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে এই পেসারের।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ার হাতে রয়েছে মাত্র ১২ জন খেলোয়াড়। অ্যালান বর্ডার ফিল্ডে ছয় দিনের মধ্যে সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
শন ফ্লেগলার জানান, নারী জাতীয় ক্রিকেট লিগের (ডব্লিউএনসিএল) পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষে স্কোয়াডে আরও একজন খেলোয়াড় যুক্ত করা হতে পারে।
এদিকে, চোটের কারণে ডারসি ব্রাউনকে আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। তবে অক্টোবরের শেষ দিকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের কোনো এক পর্যায়ে তার মাঠে ফেরার আশা রয়েছে।
অস্ট্রেলিয়ার ঘোষিত খেলোয়াড় তালিকা:
নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধুমাত্র টি-টোয়েন্টি), অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, সোফি মলিনেক্স (অধিনায়ক), বেথ মুনি, এলিসে পেরি, মেগা শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম।
আজকের সিলেট/ জেকেএস
ক্রীড়া ডেস্ক 








