বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

বড়লেখায় ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৬ ১০:৫৫:৩৮ পূর্বাহ্ন

বড়লেখায় ৯০ টাকা নিয়ে বিরোধ, রডের আঘাতে দর্জি নিহত


মৌলভীবাজারের বড়লেখায় মাত্র ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সায়পুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত দোকানদার ইমাম উদ্দিন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত আলিফ আহমদ উপজেলার আতুয়া গ্রামের মৃত ওয়াছির আলীর ছেলে। সায়পুর এলাকায় তাঁর একটি দর্জির দোকান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফের পাশের দোকানদার ইমাম উদ্দিন তাঁর কাছে ৯০ টাকা পেতেন। ওই টাকা নিয়ে মঙ্গলবার বিকেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে আলিফ টাকা পরিশোধ করে ফিরে যাওয়ার সময় ইমাম তাঁকে রড দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে পড়ে যান।

পরে প্রত্যক্ষদর্শীরা আলিফকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পুলিশ পরিদর্শক ইসকান্দার হাবিবুর রহমান বলেন, পাওনা টাকা নিয়ে কথা-কাটাকাটির জেরে এক দোকানদারের রডের আঘাতে ওই দর্জি নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত দোকানদার পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর