শাড়িকাণ্ড ঘিরে নতুন আইনি জটিলতায় পড়েছেন অভিনেত্রী তানজিন তিশা। ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর অভিযোগের পর এবার মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে নোটিশটি পাঠানো হয়। এর আগে শাড়িকাণ্ডে তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগে মামলা করেছিলেন সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী।
ঢাকা মেইলের প্রতিবেদকের হাতে আসা নোটিশের অনুলিপিতে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন।
নোটিশে আরও বলা হয়, গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দিয়েছিলেন তিশা। ওই বার্তায় তিনি লিখেছিলেন, “ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবনে”। পরে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশ করে তাঁর সম্মানহানি করা হয়েছে বলে নোটিশে অভিযোগ করা হয়।
এতে আরও উল্লেখ করা হয়েছে, তিশা তাঁর পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি করেছেন। সানায়া আনাম একজন ফ্যাশন ডিজাইনার এবং অপরজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাঁদের পেশাগত পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
অনুমতি ছাড়া ছবি প্রকাশের ঘটনাকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








