শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০১:৩৭:১৪ অপরাহ্ন

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার বেশি ভারতীয় চোরাই পণ্য জব্দ


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিভিন্ন সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনালীচেলা, ডিবিরহাওর, প্রতাপপুর, বিছনাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় কম্বল, গরু, চিনি, দুধ, ফুচকা, কসমেটিকস ও ট্রাকের রিমসহ বিভিন্ন ধরনের পণ্য জব্দ করা হয়।

জব্দ করা এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর