শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ৩১/১০/২০২৬ ০৭:৫৬:৩৯ অপরাহ্ন

মাধবপুরে জিপিএ-৫ পাওয়া ২০০ শিক্ষার্থীকে সংবর্ধনা


ভালো ফলাফলের স্বীকৃতি শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগায়। সেই অনুপ্রেরণাকে আরও শক্তিশালী করতে হবিগঞ্জের মাধবপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার সকালে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০২৫ ও ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার। তিনি বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তাদের গড়ে উঠতে হবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের অর্জিত সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষা গ্রহণ এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার পরামর্শ দেন প্রধান অতিথি।

মাধবপুর অ্যাসোসিয়েশন সিলেটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. শাহাবুদ্দিন, সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ডা. তাফাজ্জুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, ইউনিভার্সেল কলেজের অধ্যক্ষ কুদরত এলাহী পুনম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের সভাপতি শফিকুল বারী আওয়াল, দৈনিক সিলেটের ডাক-এর বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, আফরোজা খাতুন, মাধবপুর যুবদলের সাধারণ সম্পাদক কবির খান চৌধুরী, মোহাম্মদ মুসা মিয়া, সিনিয়র সাংবাদিক রোকন উদ্দিন লস্কর এবং শিক্ষার্থী আদৃতা দেব চৌধুরী ও মিন্টন সূত্রধর।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল মিয়া।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর