ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। প্রথমে তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট নগরের আখালিয়া এলাকার মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে স্থলবন্দর পরিদর্শনে যান মন্ত্রী। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে সিলেট নগরে নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে এসে মন্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাঁকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে তিনি মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজকের সিলেট/ জেকেএস









