মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বিভিন্ন জায়গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিসহ নানা আইন ভঙ্গের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণবাজারসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করে কুলাউড়া থানা পুলিশ।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রি করা, প্যাকেটজাত পণ্যে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজারে অবস্থিত সেফুল উদ্দিন চৌধুরী স্টোরকে ৫ হাজার টাকা, পলাশ অ্যান্ড প্রকাশ মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ হাজার টাকা, শ্রী লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
শফিকুল ইসলাম জানান, অভিযানে ৩ প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
আজকের সিলেট/জেকেএস
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 








