রাত পোহালেই মুসলিম উম্মাহর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সমগ্র মুসলিম উম্মাহ পুরো একমাস সিয়াম সাধনা শেষে এই একটা দিনের অপেক্ষায় থাকে। ঈদকে বরণ করে নিতে নানান আয়োজন থাকে। ঈদের খুশি ভাগাভাগি করে নিতে পরিবার পরিজন নিয়ে সামর্থ্য অনুযায়ী চলে ঈদের কেনাকাটা।
সামর্থ্যবানদের জন্য ঈদের কেনাকাটার বাজেট নিয়ে কোন চিন্তা না থাকলেও নিম্নবিত্ত মানুষদের করতে হয় অনেক হিসেবনিকেশ।
তবে সব হিসেবনিকেশ শেষে পরিবারের মুখে হাসি ফোটাতে এবারও ঈদের কেনাকাটায় নেমেছে নিম্নবিত্ত মানুষদের ঢল। নগরীর অভিযাত শ্রেণীর মার্কেটগুলো না হলেও ফুটপাত যেন কিছুটা স্বস্তি এনেছে নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের মনে।
ঈদের দুদিন আগ থেকেই সিলেট শহরের হকার্স মার্কেট, হাসান মার্কেট ও শহরের অলিগলিতে বসা ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে।
তবে ফুটপাত ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা জানান,অন্য দিনের তুলনায় চাঁদরাতে পণ্য বেশি বিক্রি হচ্ছে। গত কয়েকদিন অনেক ক্রেতারা পণ্য দেখলেও ক্রয় কম করেছেন,তবে যেহেতু হাতে আর সময় নেই,তাই এবার ক্রেতাদের পছন্দ হলেই তারা পছন্দের পণ্য কিনে নিয়ে যাচ্ছেন।
নগরীতে হকার্স উচ্ছেদ এর পর থেকে আগের মতো ফুটপাতে হকার্সদের আধিপত্য নেই। তবে ঈদের জন্য সিটি কর্পোরেশন কিছুটা শিথিল করায় নগরের বিভিন্ন জায়গায় হকারদের ব্যবসা করতে দেখা গিয়েছে।
একদিকে খেটে খাওয়া মানুষ যেমন হকারদের কাছ থেকে ঈদের কেনাকাটা করে খুশি,তেমনি ঈদের সময় কিছুটা শিথিল থাকায় তাদের চোখেমুখেও তৃপ্তির হাসি।
শহরের মধুবন সুপার মার্কেট এর সামন থেকে শুরু করে জিন্দাবাজার এলাকা ও শহরের প্রধান সড়কগুলোর পাশে ফুটপাতে বসা দোকানগুলো নিম্নআয়ের মানুষদের ভরসাস্থল।
এখানে শিশুদের পোশাকসহ বড়দের শার্ট, প্যান্ট, টি-শার্ট, পাঞ্জাবি-পাজামা, সালোয়ার-কামিজ, জুতা-মোজা, স্যান্ডেল, ব্যাগ, বেল্টসহ নানা ধরনের পণ্য পাওয়া যাচ্ছে। এসব জায়গা থেকেই পছন্দমতো কেনাকাটা করে ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
পেশায় দিনমজুর এমন একজনের সাথে কথা হলে তিনি বলেন, আমরা গরীব মানুষ,আমাদের অল্প টাকায় ঈদের বাজার করতে হয়,ভালো মার্কেট থেকে কেনার সামর্থ্য নাই,তাই রাস্তা থেকে কাপড় কিনে ছেলেমেয়েদের খুশি রাখি,এছাড়া আমাদের কোন উপায় নাই।
জিন্দাবাজার লুকোচুরি করে ফুটপাতে ব্যবসা করতে দেখা যায় কয়েকজন হকারকে।তারা বলেন ঈদের সময় পরিবার পরিজন নিয়ে একটু ভালোভাবে ঈদ পালন করতেই এভাবে লুকোচুরি করে ব্যবসা করতে হচ্ছে তাদের।
তবে হকার কিংবা নিম্নবিত্ত ক্রেতা,চাঁদ রাতে ঈদের কেনাকাটা করে যেমন খুশি ক্রেতারা তেমনি ঈদের দুএকদিন রাস্তায় বসে বিক্রি করতে পেরে খুশি হকাররা।
আজকের সিলেট/এসএর/এসটি
সৈয়দ রাসেল আহমদ 








