সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সবুজ প্রকৃতির মধ্যে রোদ ঝলমলে আবহাওয়ায় জারুল গাছগুলোয় শোভা পাচ্ছে গাঢ় বেগুনি রঙের ফুল। চলার পথের পথিক থমকে দাঁড়িয়ে উপভোগ করছেন জারুল ফুলের বেগুনি রঙের আভা। থোকা থোকা ফুলগুলোও যেন চোখ ধাঁধিয়ে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। বেগুনী রঙের ফোঁটা জারুল ফুলে প্রাণবন্ত প্রকৃতির পরিবেশ ও প্রকৃতিপ্রেমী মানুষ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রধান সড়কের ধারে অথবা গ্রামীণ রাস্তায়, গ্রামের প্রায় প্রতিটা বাড়ির চারিদিকে নূন্যতম দুই একটা জারুল গাছের ফুটে থাকা জারুল ফুলের নয়নাভিরাম দৃশ্যাবলি মানুষকে মুগ্ধ করছে। এমনকি গ্রামের প্রতিটা হাওরে গ্রীষ্মের ঝলমলে রোদে নীল আকাশের খন্ড খন্ড মেঘের নিচে পসরা সাজিয়ে বসেছে এ জারুল ফুল। জারুল গাছে বেগুনি রঙের যেন ফুলের বন্যা বইছে।
গ্রীষ্মের এই মৌসুমে যে কোন জায়গায় যাতায়াতে জারুল ফুলের সবুজ পাপড়িতে বেগুনি পাতা মাঝখানে হলুদ গাঁথা যে কোনো মানুষকেকে বিমোহিত করে। পথের ধারে ধারে জারুল ফুলের সৌন্দর্য দেখে মনটাও প্রাণবন্ত হয়ে যায়।
কোন কোন জায়গায় পাশে থাকা সব গাছকে ছাড়িয়ে মাথা উঁচু করে নীল গগনে মিতালীর মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিচ্ছে।
গ্রীষ্মের শুরুতে জারুলের উজ্জ্বল প্রস্ফুটনে চারিদিকে উচ্ছলতার বিকিরণ। সব সৌন্দর্য-পিপাসু মানব মনকে মুগ্ধ করে রাখে। এ যেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে এক টুকরো রঙিন হিমেল হাওয়া। গ্রীষ্মের খরতাপে একটু প্রশান্তিতে বেগুনি আভার জারুল ফুলের সরব উপস্থিতি সকাল জায়গায় লক্ষণীয়।
আজকের সিলেট/প্রতিনিধি/জেকেএস
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে 








