ক্বীন ব্রীজের পাশে হচ্ছে ষষ্ঠ সুরমা সেতু
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:১৬ AM

ক্বীন ব্রীজের পাশে হচ্ছে ষষ্ঠ সুরমা সেতু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/০৫/২০২৪ ০৫:১৫:৪৯ AM

ক্বীন ব্রীজের পাশে হচ্ছে ষষ্ঠ সুরমা সেতু


আসাম-সিলেট ইতিহাসের প্রায় শত বছরের স্মারক কিনব্রিজ নামের সেতু। এই সেতুই ছিল উত্তরপূর্ব ভারতের সাথে দক্ষিণ পূর্ব ভারতের একমাত্র সড়ক যোগাযোগ। কলক্রমে সেতুটি স্মারক হয়ে দাঁড়িয়ে থাকলেও যানচলচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই সিলেট মেট্রোসিটির মধ্যদিয়ে প্রবাহিত সুরমার দুই পারের মানুষের সড়ক যোগাযোগ যোগাযোগ সহজ করতে ওই কিনব্রিজের পাশে নতুন একটি আরসিসি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের।

এরপর কীনব্রিজের পাশপাশি মেট্রোসিটি এলাকাধীন  সুরমার ওপর আরো ৪টি আরসিসি সেতু নির্মিত হয়। সেগুলো হচ্ছে- শাহজালাল ব্রিজ, শাহপরাণ ব্রিজ, কাজিরবাজার ব্রিজ ও তেমুখী বাইপাস ব্রিজ। কিনব্রিজ ও আরসিসি ব্রিজসহ সুরমার উপর মোট ৫ টি ব্রিজ হলেও  সিলেট মেট্রোসিটির দুই পারের মানুষের মধ্যে যোগাযোগ তেমন সুবিধে হয়ে ওঠেনি। তাই সাবেক স্পীকার হুমায়ুন শিীদ চৌধুরী স্বপ্ন দেখেছিলেন কীনব্রিজের পাশে আরেকটি ঝুলন্ত সেতুর। কিন্তু দীর্ঘদিনেও কিনব্রিজের পাশে বসেনি  সেতুর কোনো পিলার।

তাই  সিলেটবাসীর দাবির পরিপ্রেক্ষিতে কিনব্রিজের পাশে একটি দৃষ্টিনন্দন সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বাংলাদেশ সরকারের চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে প্রধানমন্ত্রীর সেই প্রতিশ্রুত প্রকল্পটি । কিনব্রিজের পাশে নতুন একটি সেতু নির্মাণে ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানান, এনডিবি বাংলাদেশের পাঁচটি প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। প্রতিটি প্রকল্পে ঋণদানকারী ব্যাংকটি ৩শ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। এ প্রকল্পগুলোর মধ্যে একটি হচ্ছে সিলেট নগরীর সুরমা নদীর ওপর কিনব্রিজের পাশে নতুন একটি আরসিসি সেতু । প্রকল্পগুলো নিয়ে গত ২২ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কনফারেন্স রুমে এনডিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নূরী সভাপতিত্ব করেন।

সওজ সূত্র আরো জানায়, ইতোমধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের একটি দল ব্রীজের স্থল পরিদর্শন করে গেছে। তারা সুরমা নদীর নাব্য এবং সেতুটি কতটুকু উঁচু হবে তা পর্যবেক্ষণ করেছে। এখন সওজের পক্ষ থেকে ‘প্রি ডিটেইলস প্রজেক্ট প্রোফর্মা-পিডিপিপি’ মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে পাঠানো হবে এনডিবিতে।

সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন জানান, কিনব্রিজের পাশে নতুন সেতু নির্মাণে এনডিবি দেবে ৩শ’মিলিয়ন মার্কিন ডলার, আর বাকি টাকা দেবে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের একটি জনসভায় এ সেতুটি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাই প্রকল্পটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সেতুটি হবে টোল ব্রিজ। এ সেতুর ওপর দিয়ে যাতায়াতকারী যানবাহন থেকে টোল আদায় করা হবে।

প্রসঙ্গত, সুরমা নদীর ওপর ১৯৩৬ সালে স্টিল স্ট্রাকচার দিয়ে নির্মিত হয় ব্রিজ। সেতুটি নির্মাণ করে রেলওয়ে কর্তৃপক্ষ। আসাম প্রদেশের সাবেক গভর্নর মাইকেল কিনের নামানুসারে সেতুটির নামকরণ হয় কিনব্রিজ। প্রায় শতবর্ষী সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে সম্প্রতি ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মেরামত করে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু সংস্কারের পরও পুরোপুরি ঝুঁকিমুক্ত না হওয়ায় সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এটি পদচারী সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সুরমার দুই পারের জনসাধারণের যোগাযোগ সহজ করতে নতুন একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা আরও প্রকট হয়। তাই কিনব্রিজের পাশ দিয়ে আরেকটি সেতু নির্মিত হলে এটি হবে সিলেট মেট্রোসিটির সুরমায় নির্মিত ৬ষ্ঠ সেতু।

আজকের সিলেট/ডি/কে.আর

সিলেটজুড়ে


মহানগর