সুনামগঞ্জের জগন্নাথপুরের মঈন উদ্দিন (৩৮)। পেশায় রং মিস্ত্রি। সুস্থ সবল অবস্থায় কাজ করে চললেও ভোটার আইডির অনলাইনে তাকে মৃত বলে রেকর্ড করা হয়েছে। সম্প্রতি মেয়েকে স্কুলে ভর্তি করাতে গিয়ে বিষয়টি নজরে আসে। মঈন উদ্দিন উপজেলার চিলাউড়া হলিদপুর ইউনিয়নের কবিরপুর গ্রামের বাসিন্দা।
সোমবার বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাচন কর্মকর্তাকে জানানো হয়েছে।
মঈন উদ্দিন বলেন, আমার বড় মেয়েকে স্কুল ভর্তি করার জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেই। পরে শিক্ষকরা জানান, আমার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনলাইনে পাওয়া যায়নি। অনলাইনে মৃত দেখাচ্ছে। এ সমস্যা থেকে মুক্তি পেতে নির্বাচন অফিসে গিয়ে আবেদন করেছি।
তার জাতীয় পরিচয়পত্র সার্চ করে মৃত দেখেছেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান নিজেও। তিনি জানান, ভোটার হালনাগাদে মাঠকর্মী হিসেবে যারা কাজ করেন মূলত তারাই ভুলবশত এ ভুল করে থাকেন। তিনি আরও জানান, জীবিত থাকার বিষয়টি রং মিস্ত্রি মঈন উদ্দিন নিজে এসে লিখিতভাবে জানিয়েছেন। এ বিষয়ে আমরা কাজ করছি। রঙের কাজ করায় ওনার হাতের আঙুলের দাগ মুছে গেছে। তাই ফিঙ্গারপ্রিন্ট নেওয়া যায়নি। কিছুটা সময় লাগবে। তবে দ্রুত ঠিক করে দেওয়া হবে।
আজকের সিলেট/ডি/এসটি
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 








