বিয়ানীবাজারের বহুল আলোচিত ট্রাকভর্তি ৪০০ বস্তা চিনি ছিনতাইয়ের ঘটনায় পৌর ছাত্রলীগের সদ্য বিপুপ্ত কমিটির সভাপতি আশরাফুল আলম শাকেলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আশরাফুল আলম শাকেল পৌর এলাকার শ্রীধরা গ্রামের মৃত ছাইফুল আলমের ছেলে।
শুক্রবার উপজেলার লাউতা ইউনিয়নের কালাইউরা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে শাকেল, তাহমিদসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি দেবদুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনি ছিনতাইয়ের ঘটনায় সাকেলকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে রিমান্ডের আবেদন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ট্রাকভর্তি চিনি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতার ও অবশিষ্ট ৩২০ বস্তা চিনি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
এর আগে এ ঘটনায় গত সোমবার ৮০ বস্তা চিনি ও একটি পিকআপ ভ্যান উদ্ধার এবং গত মঙ্গলবার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. লিটন মিয়া (২৬) এবং হাসান (২১)।
প্রসঙ্গত, গত ৮ জুন ভোর ৬টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বিয়ানীবাজার অংশের চারখাই লালপুর এলাকায় সরকারি নিলাম থেকে কেনা বদরুল ইসলাম নামে এক ব্যবসায়ীর ২৪ লাখ টাকার ৪০০ বস্তা চিনি ও চিনি বহনকারী একটি ট্রাক অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। এরপর থেকে উপজেলাজুড়ে শুরু হয় তোলপাড়। চিনি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সর্বত্র তোলপাড় শুরু হলেও ঘটনার চারদিন পর ৪০০ বস্তা চিনির বৈধ মালিক দাবি করা ব্যবসায়ী বদরুল ইসলাম থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। মামলার এজাহারে ঘটনার সঙ্গে জড়িত ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
বিয়ানীবাজার প্রতিনিধি 








