সিলেটে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। ছবি : পিআইডি
সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সবাইকে দেশের জন্য নিস্বার্থভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভূমি ব্যবস্থায় অনেক সংযোজন ও আধুনিকায়ন হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সে আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করতে হবে।
বুধবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে সিলেটে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথর বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমি ব্যবস্থার উত্তরণের ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ দেশের ভূমি ব্যবস্থা জমিদার, ইংরেজদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের স্বীকার না হয় সেজন্য সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণ করেন- সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং এ তিন জেলার অন্তর্ভুক্ত উপজেলার দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনার (ভূমি)।
এতে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. জসিম উদ্দিন। কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো. আসিব আহসান।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








