মেসির চোট শঙ্কায় শেষ কোপার ফাইনালের প্রথমার্ধ
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ PM

মেসির চোট শঙ্কায় শেষ কোপার ফাইনালের প্রথমার্ধ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৪ ০৯:৩১:৪০ AM

মেসির চোট শঙ্কায় শেষ কোপার ফাইনালের প্রথমার্ধ


কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি আর্জেন্টিনা। উপরন্তু দলের তারকা খেলোয়াড় লিওনেল মেসি পেয়েছেন আঘাত। কোনোমতে প্রথমার্ধ শেষ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচে গোল পায়নি কোনো দলই।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায়। কিন্তু কলম্বিয়ান উগ্র সমর্থকদের তোপের মুখে পড়তে হয় নিরাপত্তাকর্মীদের। কয়েক দফায় পিছিয়ে ম্যাচ শুরু হয় প্রায় দেড় ঘণ্টা দেরিতে।

আর্জেন্টিনা শুরুই করেছিল মানসিকভাবে পিছিয়ে থেকে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তারের মা, আলেহান্দ্রো গার্নাচোর ভাইসহ একাধিক খেলোয়াড়ের স্বজনরা আটকে ছিলেন উগ্রপন্থী কলম্বিয়ান সমর্থকদের মাঝে। খেলা শুরুর আগে নিজের মাকে নিরাপদে স্টেডিয়ামে নিয়ে আসতে লকাররুম ছেড়ে বেরিয়ে পর্যন্ত আসেন ম্যাক অ্যালিস্তার।

এমন বিপর্যস্ত আর্জেন্টিনার ওপর চড়াও হতেও সময় নেয়নি কলম্বিয়া। বলের দখল, আক্রমণ, এমনকি সুযোগ তৈরিতে এগিয়ে ছিল তারাই। আর্জেন্টিনার অধিকাংশ সময় কেটেছে নিজেদের রক্ষণ সামলাতে। বিশ্ব চ্যাম্পিয়নদের বেশ কয়েকবার বাঁচিয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। কলম্বিয়ার শারীরিক ফুটবলও যুক্ত হয় এর সঙ্গে।

সুযোগ যে আর্জেন্টিনাও পায়নি তেমন নয়। হুলিয়ান আলভারেজের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়। মেসির একটি শট আলভারেজের পায়ে বাধা পেয়ে লক্ষ্যে পৌঁছায়নি। নিকোলাস তালিয়াফিগোর হেড ক্রসবারের উপর দিয়ে যায়।

১৯তম মিনিটে আলভারেজের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে ডি বক্সে দারুণ বল বাড়ান দি মারিয়া। মেসির ট্রেডমার্ক নিচু শট গোলমুখে আলভারেজের পায়ে বাধা পায়। লাফিয়েও বল এড়াতে পারেননি তরুণ এই স্ট্রাইকার।

৩৪তম মিনিটে দারুণ এক আক্রমণে ওঠে বল নিয়ে বাম প্রান্ত দিয়ে ডি বক্সে ঢুকে যান মেসি। কিন্তু শট নেওয়ার সময় ভয়ঙ্কর ট্যাকেলে আঘাত পান আর্জেন্টাইন দলপতি। লম্বা সময় মাঠে চলে শুশ্রুষা। উৎকণ্ঠা ভর করে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে। পরে অস্বস্তি নিয়ে খেলা চালিয়ে যান অধিনায়ক।

৪৩তম মিনিটে মেসির ফ্রি কিক থেকে নেওয়া হেড লক্ষ্যে রাখতে পারেননি তালিয়াফিকো।

প্রথমার্ধ শেষে শুরু হয় কলম্বিয়ান গায়িকা শাকিরার স্টেজ শোয়। গানের মুগ্ধতায় মাতিয়ে রাখেন পুরো স্টোডিয়াম।

উচ্ছৃঙ্খল কলম্বিয়ান সমর্থকদের তোপের মুখে ম্যাচ শুরু হয় এক ঘণ্টা ২৫ মিনিট দেরিতে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে তোপের মুখে পড়েন নিরাপত্তাকর্মীরা। ফলে তৈরি হয় এক বিশৃঙ্খল পরিবেশ। পরিস্থিতি শান্ত করার জন্য পুশিলের পক্ষ থেকে দেওয়া হয় বিবৃতি। কয়েক দফা পিছিয়ে শেষ পর্যন্ত ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় ৭টা ২৫ মিনিটে।

আজকের সিলেট/ডি/এপি

সিলেটজুড়ে


মহানগর