ঘন কুয়াশার কারণে নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের অবতরণ করতে না পেরে ইউএস বাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক দুটি ফ্লাইট সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিববার সকালে শাহজালাল (রহ.) বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ওসমানীতে নামে। অবতরণের প্রায় এক ঘন্টা পর যাত্রীদের নিয়ে ফের ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে ফ্লাইট দুটি।
ইউএস বাংলা এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী ব্যবস্থাপক বেলায়েত হোসেন লিমন জানান, ঘন কুয়াশার কারণে চীনের গুয়াংজু ও কাতারের দোহা থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইট নির্ধারিত গন্তব্য ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। তাই ফ্লাইট দুটি ডাইভার্ট হয়ে ওসমানীতে অবতরণ করে। সকাল ৯টা ৪৪ মিনিটে গুয়াংজু থেকে আসা ফ্লাইট ওসমানীতে অবতরণ করে সকাল ১০টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর দোহা থেকে আসা ফ্লাইট ৮টা ৫৫ মিনিটে ওসমানীতে অবতরণ করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় সকাল ১০টা ৪০ মিনিটে।
প্রসঙ্গত, ঘন কুয়াশার কারণে গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইট ঢাকায় নামতে না পেরে ডাইভার্ট হয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








