ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। ইতোমধ্যে বেশ কিছু নাটকে কাজ করেছেন তিনি। মিষ্টভাষী এই অভিনেত্রীর সিনেমায় অভিষেক ঘটে ২০১৮ সালে হুমায়ুন আহমেদের দেবী সিনেমায় অভিনয়ের মাধ্যমে। তবে তুমুল জনপ্রিয় শবনম ফারিয়াকে পূর্বের মতো দেখা যায় না শোবিজে।
জানা যায় ব্যক্তিজীবন, পড়াশোনা আর চাকরি নিয়ে খুব ব্যস্ত সময় অতিক্রম করছেন শবনম। তাই দীর্ঘদিন ধরে অনেকটা বাইরেই রয়েছেন অভিনয় থেকে।
তবে ভক্তদের কাছে দারুণ সংবাদ এসেছে যে, শবনম ফারিয়াকে দেখা যাবে বিচারকের দায়িত্বে। জানা যায় এনটিভিতে অনতিবিলম্বে শুরু হতে যাচ্ছে কমেডি অনুষ্ঠান ‘হা শো’-এর সপ্তম সিজন। যেখানে বিচারক হিসেবে থাকবেন তিনি। এই রিয়েলিটি শো তে তাকে সঙ্গ দেবে অভিনেতা তুষার খান ও চিত্রনায়ক আমিন খান।
উক্ত বিষয়ে শবনম বলেন, 'সবসময়ই নতুন কিছু করতে ভালো লাগে। সেই ভাবনা থেকে ‘হা শো’-এর সঙ্গে যুক্ত হওয়া। সেখানে দুজন গুণী অভিনেতার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি, এটিও আনন্দের। আশা করছি জমজমাট আসর হবে এবার।'
জানা গেছে, ইতোমধ্যে রাজধানীর তেজগাঁও অঞ্চলে এনটিভির স্টুডিওতে চলছে রেকর্ডিংয়ের কাজ। দেশের বিভিন্ন এলাকার প্রতিযোগীদেরকে বাছাইয়ের মাধ্যমে উত্তীর্নদের বিভিন্ন পর্বের কাজ শুরু হয়েছে। এছাড়াও শো সঞ্চালনা করবেন আবু হেনা রনি এবয়ল পরিচালনা করবেন কাজী মোহাম্মদ মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী।
আজকের সিলেট/ডি/এপি
বিনোদন ডেস্ক 








