হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হল পুরাসুন্দা সুপার লীগ-২০২৪ এর মেগা ফাইনাল। শুক্রবার বিকালে নুরপুর ইউনিয়নের পুরাসুন্দা এলাকায় আয়োজিত ক্রিকেট খেলার মাঠ প্রাঙ্গণে হাজারো উৎসুক জনতার উপস্থিতিতে জমকালো এই খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাসুন্দা গ্রামের মুরুব্বি খাদেম ইউছুব উল্লাহ শাহ, শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন তালুকদার।
পুরস্কার বিতরণের আগে বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ সমুজ আলী, তাজুল ইসলাম, বিজিবি অবসরপ্রাপ্ত সদস্য শামসুল হক সহ স্থানীয় ব্যক্তিরা।
ফাইনাল খেলায় অংশ নেয় ছালে জঙ্গী একাদশ (কদমফুল) ও হাজী বাড়ি একাদশ (বেলি ফুল)। খেলায় জয়লাভ করে হাজী বাড়ি একাদশ (বেলি ফুল)। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস। ১ম পুরস্কার হিসেবে একটি এলইডি টিভি এবং ২য় পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।
এছাড়া পুরাসুন্দা ক্রিকেট একাদশ এর পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে পুরাসুন্দা বড় খেলার মাঠ পরিচালনা করার জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে মেম্বার খোকন তালুকদারকে সভাপতি, মোঃ বাচ্চু মিয়াকে সাধারণ সম্পাদক এবং আক্তার মিয়া, ইব্রাহিম আলম সাজুকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয়। এই কমিটি মাঠের উন্নয়ন এবং আগামী খেলাধুলার আয়োজন নিশ্চিত করবে।
আজকের সিলেট/প্রতিনিধি/এপি
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি 








