হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্টাইকার্স। টানা তিন ম্যাচেও পায়নি জয়ের দেখা। গ্যালারি ভর্তি দর্শক, হাউজফুল স্টেডিয়াম, চা বাগানের মাঝে প্রকৃতির খুব কাছাকাছি থেকেও সিলেট স্ট্রাইকার্স বার বার হতাশ করছে দর্শকদের। খেলার প্রথমার্ধের সিলেটের হতশ্রী ব্যাটিং দেখে বাড়ির পথ ধরা শুরু করে অধিকাংশ দর্শক।
চলতি বিপিএলে ১২তম ম্যাচ ও সিলেটের তৃতীয় ম্যাচে এসেও জয়ের দেখা পায়নি সিলেট স্টাইকার্স। ঢাকা পর্বের পর ঘরের মাঠেও ছন্দ খুঁজে পাচ্ছে না তারা। আর তাদের হারিয়েই টানা দ্বিতীয় জয় তুলে নিলো ফরচুন বরিশাল।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর পর ১৮ দশমিক ২ ওভারে ১২৫ রানের সংগ্রহ পায় সিলেট। সহজ লক্ষ্য তাড়ায় নেমে ৭ উইকেট হাতে রেখে ১০ দশমিক ৩ ওভারে জয় নিশ্চিত করে তামিম ইকবালের দল।
সিলেটের দেওয়া মামুলি টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বরিশাল। ইনিংসের প্রথম বলেই উইকেটের পেছনে সিলেট দলের সবচেয়ে বড় তারকা রাহিম কর্ণওয়ালের বলে ক্যাচ দিয়ে ফেরেন তামিম ইকবাল। আরেক ওপেনার নাজমুল হোসেন শান্তও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি। ৩ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। যদিও এদিন ম্যাচের প্রথমার্ধে দৃষ্টিনন্দন ইউকেট কিপিং করেন তিনি।
এরপর কাইল মায়ার্সের সঙ্গে দারুণ এক জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন তাওহীদ হৃদয়। দলীয় ১২২ রানে হৃদয় ফিরলে ভাঙে তাদের ১১৬ রানের জুটি, হাফ সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ২৭ বলে ৪৮ করে ফেরেন হৃদয়। আর ৪ ছক্কা ও ৫ চারে ৩১ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন মায়ার্স।
সিলেটের হয়ে পেসার তানজিম সাকিব দুটি উইকেট নেন।
এ জয়ে চার ম্যাচ থেকে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে বরিশাল।
এর আগে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল খান। ব্যাটিংয়ে নেমে রানের খাতা খোলার আগেই কাইল মায়ার্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন ওপেনার রনি তালুকদার। চাপে পড়ে যায় সিলেট। মাঠে নেমেছিলেন চলতি বিপিএলে প্রথমবার খেলতে নেমে সিলেট দলের সবচেয়ে 'বড় তারকা' রাহকিম কর্নওয়াল। শুরুতে দিয়েছিলেন ঝড়ের আভাস। কিন্তু শাহিন আফ্রিদির বলে ১২ বলে ১৮ রান করে বিদায় নেন এই ক্যারিবীয় অলরাউন্ডার। এরপর ১৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৮ রান করে দিদায় নেন মুনসির। একইসঙ্গে নিয়মিত বিরতিতে উইকেটও হারাতে থাকে সিলেট। ব্যাট হাতে অ্যারন জোন্স (০), জাকের আলি (১) রানে আউট হন। 'সমালোচিত' অধিনায়ক আরিফুল একপ্রান্ত আগলে ৩৬ রান করলেও, দল অলআউট হয় ১৮.২ ওভারে। পায় ১২৫ রানের ছোট পুঁজি।
আজকের সিলেট/ মিমো
মিজান মোহাম্মদ 








