আজমিরীগঞ্জে কমিটি গঠন নিয়ে উত্তপ্ত বিএনপির রাজনীতি
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:৪৯ PM

আজমিরীগঞ্জে কমিটি গঠন নিয়ে উত্তপ্ত বিএনপির রাজনীতি

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৫ ১১:২৭:০৮ AM

আজমিরীগঞ্জে কমিটি গঠন নিয়ে উত্তপ্ত বিএনপির রাজনীতি


হঠাৎ করে উত্তপ্ত হতে শুরু করেছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতি। এ নিয়ে হাট-বাজারে চায়ের দোকানে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির রাজনীতি দুই ধারায় বিভক্ত। এর মধ্যে উপজেলা বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক আহমেদ আলী মুকিব একটি গ্রুপের আর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন আরেকটি গ্রুপের নেতৃত্বে আছেন। এই দুই নেতৃত্বের প্রতিযোগিতায় এখন উত্তপ্ত উপজেলা বিএনপি।

এ অবস্থায় দল গোছানোর চেষ্টা করতে গিয়ে আরও এলোমেলো হয়ে পড়েছে আজমিরীগঞ্জে বিএনপির রাজনীতি। উপজেলা বিএনপির কার্যকরী কমিটি অনুমোদনের জন্য ডা. সাখাওয়াত হাসান জীবন ও আহমদ আলী মুকিব আলাদা আলাদা লোকদের তালিকা জেলা বিএনপির কাছে পাঠান। শেষ পর্যন্ত তারেক রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মুকিবের কমিটি অনুমোদিত হয়, যা অনুমোদন দেন জেলা বিএনপি নেতা জি কে গউছ। আর এখান থেকেই শুরু হয় দলীয় বিভক্তি, অভ্যন্তরীণ টানাপোড়েন ও দন্দ্ব।

উপজেলায় সাখাওয়াত হাসান জীবনের গ্রুপের উদ্যোগে সংবাদ সম্মেলনসহ প্রতিনিয়ত প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হচ্ছে। অন্যদিকে আহমদ আলী মুকিবের গ্রুপ ১২ ফেব্রুয়ারি দলের কাউন্সিল করার প্রস্তুতি নিয়েছে। এ নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যম এখন সরগরম।

স্থানীয়রা বলছেন, এতে করে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। দলকে ঐক্যবদ্ধ করা না গেলে উপজেলায় বিএনপির রাজনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়তে পারে। সচেতন মহলও মনে করছেন, দুই নেতাকে এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন দলীয় ঐক্য ফিরিয়ে আনতে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন সরসের সঙ্গে মুঠোফোনে আলাপ করলে তিনি জানান, একতরফা ব্যর্থ কমিটি বাতিল করে পুনরায় আবার একতরফা কমিটি দেওয়া হয়েছে আবদুল্লাহ মুকিবের সুপারিশে। আমাদের ২/১ জনকে এই কমিটিতে রাখা হয়েছে। আমরা আশাবাদী, শিগগির কমিটি পরিবর্তন হয়ে নতুন কমিটি আসবে।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর