দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়নপত্র বিক্রির শুরু করেছে ক্ষমতাশীন দল আওয়ামীলীগ। মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে সিসিকের প্রথম মেয়র প্রয়াত বদরউদ্দিন আহমদ কামরান পত্নী ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান সহ সিলেট বিভাগের ২৬ জন নারীনেত্রী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
মঙ্গলবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন বিক্রি শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান।
আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে আগামী ১৪ মার্চ ভোটের দিন রেখে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন সভায় ভোটের তারিখ নির্ধারণ করা হয়।
নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, সংরক্ষিত আসনে নির্বাচনে অংশ নিতে ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ভোট ১৪ মার্চ।
আজকের সিলেট/ডি/এসটি
নিজস্ব প্রতিবেদক 








