জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী আয়োজিত ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কলেজ শাখায় দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
কলেজের বিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী—মোয়াজ্জমা লাবিবা বিনতে হামিদ, আমিনা সুলতানা ও নুছরাত জাহান রিয়া'র আঁকা গ্রাফিতি ও চিত্রকর্মটি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক চেতনাকে শিক্ষার্থীদের সৃজনশীলতার মাধ্যমে তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। দেশজুড়ে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করে।
গত রোববার জাতীয় মূল্যায়ন কমিটির চূড়ান্ত অনুমোদনের পর ফলাফল প্রকাশ করা হয়, যেখানে বড়লেখা সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করে।
এই অনন্য অর্জনে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে বড়লেখা সরকারি কলেজ কর্তৃপক্ষ ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়েছে।
কলেজের সাবেক অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন তার প্রতিক্রিয়ায় বলেন, আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ তথা বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।
বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ বলেন, আমাদের শিক্ষার্থীরা তাদের গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে '২৪-এর গণঅভ্যুত্থানের ঘটনাবলি অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। তাদের এই শিল্পকর্মের মাধ্যমে মানুষ '২৪-এর সেই দিনগুলোকে আবারও চোখের সামনে দেখতে পাবে এবং অনুপ্রাণিত হবে। এই অর্জন ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 








