এএফসি চ্যাম্পিয়নস লিগের সামনের আসরে বেশ কঠিন গ্রুপেই পড়েছে বসুন্ধরা কিংস। 'বি' গ্রুপের মধ্যপ্রাচ্যের তিন দল কুয়েতের কুয়েত স্পোর্টিং ক্লাব, ওমানের আল সিব ও লেবাননের আল আনসার এফসির বিপক্ষে খেলতে হবে বাংলাদেশের জায়ান্ট ক্লাবটির।
নিজেদের শেষ ম্যাচে এমানুয়েল সানডে, দরিয়েলটন, রাকিব হোসেনদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারেন কুয়েত এসসি স্যাম মোরসি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। এছাড়া গ্রুপের অন্য দুই দলও বেশ শক্তিশালী।
'বি' গ্রুপের সবগুলো খেলা হবে কুয়েতের সুলাইবিখাতে। বসুন্ধরা কিংস ছাড়া গ্রুপের বাকি দলগুলোর জন্য সেখানকার কন্ডিশনও তুলনামূলক সহজ। তাই গ্রুপের বাধা পেরোতে কঠিন পরীক্ষা দিতে হবে কিংসের।
একনজরে জেনে নেওয়া যাক চ্যালেঞ্জ লিগে কিংসের তিন প্রতিপক্ষের ব্যাপারে
আল সিব (ওমান):
প্রায় ৫৩ বছর আগে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিক স্বীকৃতি পেতে ২০০২ পর্যন্ত অপেক্ষা করতে হয় ওমানের আল সিব ক্লাবকে। তবে এরই মধ্যে বেশ কিছু সাফল্য পেয়েছে তারা। ওমানি লিগের সবশেষ মৌসুমের শিরোপা জিতেছে। সব মিলিয়ে তাদের ঝুলিতে আছে ৪টি ওমানি লিগ ট্রফি।
এছাড়া সুলতান কাবুস কাপ ৪টি, ওমান প্রফেশনাল লিগস কাপ ৪টি, ওমান সুপার কাপের ৩টি শিরোপা জিতেছে তারা।
২০২২ সালে এএফসি কাপের শিরোপাও ঘরে তুলেছে ওমানের ক্লাবটি।
আগামী ২৫ অক্টোবর আল সিবের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের যাত্রা শুরু করবে বসুন্ধরা কিংস।
আল আনসার (লেবানন):
লেবাননের বেশ পুরনো ক্লাব আল আনসার। ৫ বারের রেকর্ড লিগ শিরোপার পাশাপাশি লেবানিস এফএ কাপেও তারা রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়ন তারা। লেবানিজ ফেডারেশন কাপেও যৌথভাবে সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়ন এই ক্লাব।
এছাড়া লেবানিজ সুপার কাপের ৬টি শিরোপা আছে তাদের কেবিনেটে।
আগামী ২৮ অক্টোবর আল আনসারের মুখোমুখি হবে কিংস।
কুয়েত প্রিমিয়ার লিগ ফুটবলে সবশেষ চ্যাম্পিয়ন কুয়েত এসসি। সর্বোচ্চ ২০ বার লিগ জয়ের রেকর্ডও তাদের। এছাড়া লিগে ১১ বার রানার্সআপ হয় ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি।
কুয়েত আমির কাপে যৌথভাবে রেকর্ড ১৬ বারের চ্যাম্পিয়নও তারা। কুয়েত ক্রাউন প্রিন্স কাপের রেকর্ড ১০ বার ও কুয়েত সুপার কাপের রেকর্ড ৮ বারের চ্যাম্পিয়নসহ দেশটির ঘরোয়া ফুটবলে আছে আরও ২০-র অধিক শিরোপা।
এশিয়ান ক্লাব ফুটবলের মঞ্চেও সাফল্য আছে কুয়েত এসসির। এএফসি চ্যাম্পিয়নস লিগ টু-তে তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুয়েতের জায়ান্টরা।
গত মাসে ক্লাবটিতে যোগ দিয়েছেন মিশরের ফুটবল স্যাম মোরসি। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ইপসুইচ টাউনে ছিলেন ৩৩ বছর বয়সী মিডফিল্ডার। চ্যালেঞ্জ লিগের ম্যাচে তার বিপক্ষে খেলতে হবে তপু বর্মণ, সাদ উদ্দিনদের।
গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ অক্টোবর কুয়েত এসসির মুখোমুখি হবে কিংস।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








