দীর্ঘ ২৮ বছর অচল থাকার পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৯৯৭ সালের ২৫ আগস্ট সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে এতদিন কার্যত অচল হয়ে পড়ে ছিল বিশ্ববিদ্যালয়ের এ গণতান্ত্রিক প্ল্যাটফর্ম।
গত বছর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ফলে দেশে বর্তমানে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ইতিমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং চাকসু, রাকসুর তফসিল ঘোষণা করা হয়েছে। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের দাবি জোরালো হচ্ছে। এরপ্রেক্ষিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দীর্ঘদিন স্থগিত থাকা শাকসু নির্বাচন পুনরায় চালুর দাবি জানিয়েছেন।
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে ছাত্র সংসদ নির্বাচন চালুর বিষয়ে বিভিন্ন সময় আওয়াজ তুলেছেন শাবি শিক্ষার্থীরা। এ দাবির সঙ্গে সংহতি জানিয়ে দ্রুত শাকসু নির্বাচনের জন্য প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী শাবি শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজন করা হবে এ নির্বাচন। ইতিমধ্যে বিষয়টি জানিয়েছেন উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।
দীর্ঘ দিন পর আবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বইছে শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনের হাওয়া। শাকসু ঘিরে ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীদের রয়েছে স্বতন্ত্র ভাবনা এবং প্রত্যাশা।
শাবিপ্রবির ছাত্রদল সভাপতি রাহাত জামান বলেন, ‘শাকসু নির্বাচন শুধু ভোটের আয়োজন নয় বরং আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টিতে আমাদের প্রজন্মের গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আমি চাই শিক্ষার্থীরা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে সক্রিয়ভাবে অংশ নিক এবং তাদের কণ্ঠস্বর শক্তভাবে প্রতিফলিত হোক। একই সঙ্গে প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করে, যাতে সত্যিকার অর্থে শিক্ষার্থীদের মতামতই জয়ী হয়। একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ববিদ্যালয় গড়তে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও গণতান্ত্রিক সংস্কৃতি সবচেয়ে বড় শক্তি যেটা বাস্তবায়নে বদ্ধ পরিকর থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইন শাহ্ আল্লাহ্।’
ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা তুহিন বলেন, ‘দীর্ঘ দিন পরে শাকসু নির্বাচনের ঘোষণা করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।’
আমরা চাই সকল শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার জন্য শাকসু হওয়া জরুরী।সেই সাথে প্রশাসনের কাছে প্রত্যাশা থাকবে সুষ্ঠভাবে দলমতের উর্ধ্বে উঠে ছাত্রসংসদ নির্বাচন আয়োজন করা।শিক্ষার্থীরা যেনো তাদের নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে এমন যোগ্য নেতৃত্ব বাছাই করে যাতে করে তারা নির্বিঘ্নে তাদের মনের অব্যক্ত কথা গুলো উপস্থাপন করতে পারে।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘শাকসু নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণার খবরে আলহামদুলিল্লাহ আমরা সবাই আশাবাদী হয়েছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার, মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করার একটি ঐতিহাসিক সুযোগ পাব।’
তিনি বলেন, ‘প্রশাসনের প্রতি আমার প্রত্যাশা হলো, নির্বাচন যেন কোনো প্রকার প্রভাবমুক্ত, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের আস্থা ফেরানোর জন্য প্রশাসনকে ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। আমরা সবাই চাই, এই শাকসু নির্বাচন হোক শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনা, নতুন নেতৃত্ব আর পরিবর্তনের সূচনা।’ এর মাধ্যমে জুলাইয়ে শহীদ-আহতদের ত্যাগের মূল্যায়ন হবে বলে মনে করেন দেলোয়ার হোসেন শিশির।
পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিনুর রশিদ শুভ বলেন, ‘শাকসু ছাড়া ছাত্রদের প্রতিনিধিত্ব করার মত কোনো নেতৃত্ব পাবার সুযোগ নেই। একমাত্র শাকসুর মাধ্যমে দলমত নির্বিশেষে সকল শিক্ষার্থীদের মুখপাত্র নির্বাচন করা সম্ভব।ছাএদের মধ্যে নেতৃত্ব তৈরির জন্য শাকসুর নির্বাচন প্রয়োজন। শাকসু হচ্ছে একমাত্র প্লার্টফর্ম যেখানে দাঁড়িয়ে সকল শিক্ষার্থী তাদের ভয়েস রেইজ করতে পারবে।’
সমাজবিজ্ঞানী বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসাইন বলেন, 'আমি মনেকরি, শাকসু নির্বাচন শিক্ষার্থীদের অধিকার। প্রশাসনের উচিত গড়িমসি না করে শিক্ষার্থীদের কল্যাণে দ্রুত শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা। আমি আশাবাদী, শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থান সহ প্রতিটি ইস্যুতে যারা সোচ্চার হয়ে মাঠে ছিলো ও ভবিষ্যতে ছাত্রদের কল্যাণে কাজ করবে তাদেরকে বিবেচনায় রাখবেন।'
শাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের অধিকার আদায়ের এবং ছাত্র-শিক্ষক সম্পর্কে আন্তরিকতা সৃষ্টির একটি সেতুবন্ধন।শাবিপ্রবিতে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছে, তাই বারবার নির্বাচনে বিজয়ী হয়েছে।
আমরা চাই প্রশাসন রাজনীতি নিষিদ্ধের প্রহসন বন্ধ করে রাজনীতি উন্মুক্ত করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন আয়োজন করু। এই নির্বাচন একটি অধিকার আদায়ের উৎসব।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক শাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাস ফিরে পাবে তার নতুন নেতৃত্ব আর গণতন্ত্র চর্চার নতুন অধ্যায় এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের।
আজকের সিলেট/ডি/এসটি
শাবি প্রতিনিধি 








