জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৬১ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, প্রতাপপুর, শ্রীপুর, তামাবিল, বিছনাকান্দি, কালাইরাগ ও বাংলাজাবার বিওপি এলাকায় ভারতীয় শাড়ি, ফুচকা, জিরা, গরু, সাবান, চিনি, আপেল, আদা, মদসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ শিং মাছ ও একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ৫ হাজার ৮০০ টাকা। অভিযানে একজন চোরাচালানকারীকে আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
জৈন্তাপুর প্রতিনিধি 








