বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) বিশেষ অভিযানে সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমান ভারতীয় গরু ও সুপারি জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপির পৃথক আভিযানিক টহলদল সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে বিজিবির টহলদল মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু জব্দ করে। এগুলোর সিজারমূল্য ৯ লক্ষ ২০ হাজার টাকা।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় কানাইঘাট উপজেলার লোভাছড়া ও সুরাইঘাট বিওপির পৃথক আভিযানিক টহলদল কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৫০ কেজি ভারতীয় সুপারি এবং ১টি পিকআপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত সুপারি ও পিকআপের সিজারমূল্য ১৮ লক্ষ ৯০ হাজার টাকা।
উভয় অভিযানের মাধ্যমে জব্দকৃত পশু, গাড়ি ও পণ্যের সর্বমোট সিজারমূল্য ২৮ লক্ষ ১০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আজকের সিলেট/ডি/এসটি









