মেলায় পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:১৬ PM

মেলায় পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

সংবাদদাতা

প্রকাশিত: ০৪/১২/২০২৫ ০৭:৫৩:২৫ PM

মেলায় পটকা ফোটানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০


হবিগঞ্জ শহরে নারী উদ্যোক্তা মেলায় দুই দল তরুণের মধ্যে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে শহরের শায়েস্তানগর ও মোহনপুর এলাকাবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর মডেল থানার ওসি শাহাবুদ্দিন শাহীন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে শায়েস্তানগরে মহব্বত কমিউনিটি সেন্টারে নারী উদ্যোক্তা মেলা চলছে। গতকাল বুধবার সন্ধ্যায় মেলায় পটকা ফোটানো নিয়ে শায়েস্তানগর ও মোহনপুর এলাকার দুই দল তরুণের মধ্যে কথা-কাটাকাটি হয়। রাত ১১টার দিকে তাদের পক্ষ নিয়ে দুই এলাকাবাসী সংঘর্ষে লিপ্ত হয়।

এ ঘটনার জেরে বৃহস্পতিবার বিকেলে ফের উভয় এলাকার লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর