মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। পরে সেটিকে স্থানীয় বন বিভাগের কাছে পৌঁছে দেওয়া হয়।
বুধবার দুপুরে শ্রীমঙ্গল-সিন্দুরখান রোডসংলগ্ন জোড়পুল এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও রিদন গৌড়কে সাথে নিয়ে সাপটিকে উদ্ধার করতে সক্ষম হন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, শ্রীমঙ্গল-সিন্দুরখান রোডের জোড়পুল এলাকায় গাছের ডালে একটি অজগর সাপ দেখতে পেয়ে স্থানীয় উৎসুক জনতা আতঙ্কিত হয়ে পড়ে এবং সাপটিকে মেরে ফেলার জন্য চিৎকার-চেঁচামেচি শুরু করে। ঘটনাস্থলের পাশে পল্লী বিদ্যুতের কারেন্ট লাইন থাকায় এলাকাবাসী বিষয়টি দ্রুত শ্রীমঙ্গল পল্লী বিদ্যুৎ অফিসকে জানায়। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেয়।
স্থানীয়রা জানান, সাপটি এর আগেও এলাকার অনেক মানুষের বাড়ির হাঁস-মুরগি ও ছাগল খেয়ে ফেলেছিল।
সাপটি যদি সেই সময়ে মাটিতে বা অন্য কোনো খোলা জায়গায় থাকত, তবে উৎসুক জনতা একত্রিত হয়ে সাপটিকে মেরে ফেলতে পারত। তাই সাপটিকে নিরাপদে নিয়ন্ত্রণে রাখা এবং দ্রুত উদ্ধার করা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। প্রায় ৩৫ মিনিটের প্রচেষ্টায় অজগর সাপটিকে অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার করা হয়। এরপর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
এর আগে সর্বশেষ ২৯ নভেম্বর দুপুরে শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোডের নজরুল কমিউনিটি সেন্টারের বিপরীত পাশ থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি 








