কালেঙ্গা পাহাড়ে ৩৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনায় মামলা
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:৪০ PM

কালেঙ্গা পাহাড়ে ৩৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনায় মামলা

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১২/২০২৫ ০৭:৩১:৩৬ PM

কালেঙ্গা পাহাড়ে ৩৪ রাউন্ড গুলিবিনিময়ের ঘটনায় মামলা


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের পাহাড়ে গাছচোর ও বনরক্ষীদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মামলা হয়েছে।

রোববার কালেঙ্গা রেঞ্জের বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত আড়াইটা থেকে ৩টা পর্যন্ত কালেঙ্গা সংরক্ষিত বনাঞ্চলের নিশ্চিন্তপুর পাহাড়ে প্রায় আধাঘণ্টা ধরে দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। এ সময় উভয়পক্ষ থেকে মোট ৩৪ রাউন্ড গুলি ছোড়া হয়।

বন বিভাগ সূত্রে জানা গেছে, রাত আড়াইটার দিকে একদল গাছচোর নিশ্চিন্তপুর পাহাড়ে সেগুনগাছ কাটছিল। খবর পেয়ে বিট কর্মকর্তা আব্দুল্লাহ আল-আমিনের নেতৃত্বে তিন বনরক্ষী সেখানে গেলে গাছচোরেরা তাদের ধাওয়া করে। এ সময় আত্মরক্ষার্থে বনরক্ষীরা গুলি ছোড়েন। পাল্টা গুলি চালায় গাছচোরেরাও।

কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তা আবদুল খালেক জানান, গুলিবিনিময়ের সময় বনরক্ষীরা ১৪ রাউন্ড এবং গাছচোরেরা ২০ রাউন্ড গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পেরে বনরক্ষীরা পিছু হটেন। এ সময় খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে পৌঁছালে গাছচোরেরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে ১২ টুকরা সেগুন, ৮ টুকরা আকাশমনিসহ বিভিন্ন প্রজাতির মোট ৫৭ টুকরা কাঠ জব্দ করা হয়েছে।

চুনারুঘাট থানার ওসি সফিকুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আল আমিনকে।

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, চুনারুঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মানিক মিয়া, সুমন মিয়া, শফিক মিয়া, শাহিদ মিয়া, মিশন মিয়া, কাওসার আলম দুলাল, পারভেজ মিয়া; পীরপুর গ্রামের শাহিন মিয়া; মিস্টার মোল্লা এবং আমিরপুর গ্রামের সুমন মিয়া।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর